পুবের কলম:

জোরপূর্বক ধর্মান্তর, প্রতারণা বা জবরদস্তির অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায়, ভোপালের একটি দায়রা আদালত মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে দায়ের করা একটি মামলায় ২৬ বছর বয়সী এক মুসলিম যুবককে খালাস দিয়েছে। 
পুলিশের অভিযোগে মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে সাইয়্যাদ খানের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযোগ ছিল যে, খান একটি ভুয়ো পরিচয় ব্যবহার করে এক হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন এবং তাঁকে ইসলাম ধর্ম গ্রহণে চাপ দিয়েছিলেন।
২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি, ভিন্ন ধর্মাবলম্বী সাইয়্যাদ খান এবং তার সঙ্গী বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করার জন্য মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলা থেকে ভোপালে গিয়েছিলেন।

 
তবে, ভোপাল জেলা আদালতের ভেতরে একদল আইনজীবী খানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁর সঙ্গীকে ইসলাম ধর্ম গ্রহণে ও তাঁকে বিয়ে করতে বাধ্য করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে,সাইয়্যাদ খান ও ওই মহিলা  প্রতিবেশী ছিলেন, পরে তাঁরা বন্ধু হন এবং প্রেমে পড়েন। 
ঘটনার পর খানকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইনের বিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
 
পুলিশের অভিযোগ, সে তার ধর্মীয় পরিচয় গোপন করে ও ভুয়ো নাম ব্যবহার করে ওই মহিলাকে কে বিয়ে করতে, নাম পরিবর্তন করতে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ দিয়েছিল।
মামলার বাদী ওই মহিলা পরে পুলিশের কাছে করা অভিযোগে উত্থাপিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। 
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার অধীনে দেওয়া জবানবন্দিতে এবং জেরা চলাকালীন তিনি অস্বীকার করেছেন যে,সাইয়্যাদ খান তাকে হুমকি দিয়েছেন, প্রতারণা করেছেন বা শারীরিকভাবে নির্যাতন করেছেন। তিনি  অস্বীকার করেছেন যে, খান তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য বা চাপ দিয়েছেন।
তিনি আদালতকে জানান যে, তিনি স্বেচ্ছায় খানকে বিয়ে করেছিলেন এবং তার ধর্মীয় পরিচয় সম্পর্কে তিনি অবগত ছিলেন। তিনি আরও বলেন যে, খানের কোন হুমকি বা জবরদস্তির কারণে নয়, বরং ভুল বোঝাবুঝি এবং পরিবারের চাপের ফলেই পুলিশের দেওয়া ঘটনার বিবরণটি তৈরি হয়েছে।