পুবের কলম ওয়েব ডেস্ক: অবশেষে কেন্দ্রীয় সরকারের দাবি মেনে নিল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। দীর্ঘ প্রায় দু'মাস ধরে লাগাতার আলোচনার পর সংস্থাটি জানিয়েছে, সমাজমাধ্যমকে শিশুদের জন্য নিরাপদ করে তুলতে ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা শিশু নিগ্রহ সংক্রান্ত সমস্ত কনটেন্ট তারা প্রশাসনের হাতে তুলে দেবে।
মাস দুয়েক আগেই ডিপফেক, ভুয়ো খবর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার রুখতে মেটাকে কড়া নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এই ধরনের আপত্তিকর কনটেন্ট আটকাতে কী কী পদক্ষেপ করা হবে, তার একটি বিস্তারিত রূপরেখা জমা দিতে বলা হয়েছিল।
আরও পড়ুন:
পাশাপাশি, শিশু সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার উপরেও প্রথম থেকে জোর দেওয়া হয়। সরকারি সূত্রের খবর, কেন্দ্রের এই দাবি মেনে নিয়ে মেটা ক্ষতিকারক কনটেন্টগুলি সরাসরি প্রশাসনকে জানাবে। এর পর ওই বিষয়ে যাবতীয় আইনি সিদ্ধান্ত নেবে প্রশাসনই। আগামী দিনে অন্যান্য সমাজমাধ্যমগুলিকেও এই একই নিয়মের আওতায় আনতে চাইছে সরকার।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণ দর্শিয়ে মেটা পরে ক্ষমা চেয়ে পোস্টটি ফিরিয়ে আনলেও, তথ্যপ্রযুক্তি মন্ত্রক বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি। মেটার শীর্ষ আধিকারিকদের তলব করে কড়া নজরদারির বার্তাও দেওয়া হয়েছিল সেই সময়। তবে শিশু সুরক্ষার প্রশ্নে মেটার এই ইতিবাচক পদক্ষেপের ফলে সরকার ও জুকারবার্গের সংস্থার মধ্যে তৈরি হওয়া সেই সংঘাতের আবহ আপাতত অনেকটাই কমল বলে মনে করা হচ্ছে।