পুবের কলম ওয়েব ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হলেন হাসিরানি রথ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই জয়ী হন শুভেন্দু। পরে তিনি ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন।

এরপর থেকেই এই শূন্য আসনে প্রার্থী হিসেবে মেঘনাদ পাল, অঞ্জন পাল-সহ একাধিক বিজেপি নেতার নাম চর্চায় ছিল। তবে দলের ঘোষিত তালিকায় হাসিরানির নাম সামনে আসতেই সমস্ত জল্পনায় ইতি পড়ে।

প্রার্থীর নাম ঘোষণার পর মঙ্গলবার রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন হাসিরানি। এ দিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস এবং বিজেপি নেতা মেঘনাদ পাল-সহ আরও অনেকে।

১৯৮৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং পাঁচ বারের পঞ্চায়েত সদস্য হাসিরানি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বড় ব্যবধানে জয়ের বিষয়েও তিনি আত্মবিশ্বাসী।

জানা গিয়েছে, মঙ্গলবারই তিনি হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেবেন। এই উপলক্ষে সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা শেষে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে মনোনয়ন পেশ করতে যাবেন মুখ্যমন্ত্রী।