পুবের কলম ওয়েব ডেস্ক: রাজস্থানের পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়যাত্রা অব্যাহত থাকলেও তাদের কড়া টক্কর দিল কংগ্রেস। ভোট হওয়া ১০,২৪৪টি ওয়ার্ডের মধ্যে সোমবার রাত পর্যন্ত ঘোষিত ১০,২৩৫টির ফলাফলে ৪,১৭৯টি ওয়ার্ড দখল করে শীর্ষস্থান ধরে রেখেছে বিজেপি। খুব পিছিয়ে নেই কংগ্রেসও, তাদের ঝুলিতে গিয়েছে ৩,৬১৩টি ওয়ার্ড। তবে বহু পুরসভার বোর্ড গঠনে বড় ভূমিকা নিতে চলেছেন নির্দল প্রার্থীরা, কারণ তাঁরা জিতে নিয়েছেন ২,২৭৩টি ওয়ার্ড।

ভোট হওয়া ১০টি পুরনিগমের মধ্যে জয়পুর, কোটা ও আলওয়ার গিয়েছে বিজেপির দখলে।

অন্য দিকে বিকানের, আজমের, পালির পাশাপাশি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কেন্দ্রের অধীন ঝলওয়ার পুরসভাও ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ভরতপুর পুরনিগম দখল করেছেন নির্দলরা।

নির্বাচনের ফলাফলে বেশ কয়েকটি চমকপ্রদ তথ্যও সামনে এসেছে। পর্বতসর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কৈলাসচাঁদ পেয়েছেন মাত্র একটি ভোট। প্রার্থীর দাবি, তিনি ১২ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়া সত্ত্বেও তাঁকে ১৩ নম্বর থেকে দাঁড় করানো হয়েছিল।

ওই ওয়ার্ডে ৩৭৬টি ভোট পেয়ে জিতেছেন কংগ্রেসের হিনা খানম। ভোটে নজর কেড়েছেন জেন জি প্রার্থীরাও। কংগ্রেসের মহম্মদ সেলিম ও বিজেপির নেহা শর্মা— মাত্র ২১ বছর বয়সেই পুরভোটে জয় ছিনিয়ে নিয়েছেন।

সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে বিকানের জেলার নোখা পুরসভায়। সেখানে ৪৫টি ওয়ার্ডের মধ্যে একাই ২৯টি জিতে বোর্ড গঠন করতে চলেছে সিপিএম। ওই পুরসভায় বিজেপি পেয়েছে ১৩টি আসন এবং নির্দলরা ৩টি। রাজ্যজুড়ে ১৯২ জন প্রার্থীর মধ্যে বামেদের প্রায় ৪০ জন জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে।