পুবের কলম ওয়েবডেস্ক, ডাইনোসরের সময় পৃথিবীর আকাশ দাপিয়ে বেড়ানো বিশালাকার উড়ন্ত সরীসৃপ প্টেরোসরদের নিয়ে বিশ্বের প্রথম বিশেষ জাদুঘর খুলেছে চীন। রবিবার উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং প্রদেশের হামিতে দর্শকদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়।

জাতীয় ভূতাত্ত্বিক উদ্যানের মধ্যে প্রায় ৪ হাজার ৬০০ বর্গমিটার জায়গায় তৈরি এই জাদুঘরে রয়েছে ছয়টি ডিম্বাকৃতি প্রদর্শনী কক্ষ। উপর থেকে দেখলে পুরো স্থাপনাটিকে মরুভূমির মধ্যে পড়ে থাকা একগুচ্ছ প্টেরোসরের ডিমের মতো মনে হয়।

জাদুঘরের প্রধান আকর্ষণ বিভিন্ন ধরনের প্টেরোসর জীবাশ্ম।

চীনের বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকেরা দুই দশকেরও বেশি সময় ধরে হামি অঞ্চলে অনুসন্ধান চালিয়ে এসব নমুনা সংগ্রহ করেছেন। প্রদর্শনীর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ত্রিমাত্রিকভাবে সংরক্ষিত প্টেরোসরের ডিম ও ভ্রূণের জীবাশ্ম। বড় আকারের কয়েকটি জীবাশ্মও প্রথমবারের মতো একসঙ্গে সাধারণ মানুষের সামনে আনা হয়েছে।

জাদুঘরে প্রায় ১৩ কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের প্টেরোসরদের জীবন, শারীরিক গঠন ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের প্রধান শু শিং বলেন, এর মাধ্যমে প্রাগৈতিহাসিক প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছবে।

হামিতে বিপুল জীবাশ্মের সন্ধান পাওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই প্টেরোসর গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র।