পুবের কলম ওয়েব ডেস্ক: অভিবাসন দপ্তরের ছাড়পত্র ছাড়াই দিল্লি বিমানবন্দর থেকে জার্মানির মিউনিখে পাড়ি দিয়েছেন ইটালির তিন নাগরিক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই চরম গাফিলতির জন্য ইতিমধ্যেই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে শোকজ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংস্থার সিইও তেওলদে গেব্রেমারিয়ামের কাছে এই গুরুতর ত্রুটির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ওই তিন সন্দেহভাজন যাত্রী এয়ার ইন্ডিয়ার বিমানে অমৃতসর থেকে দিল্লিতে আসেন। এরপর তাঁরা মিউনিখগামী বিমানে ওঠেন এবং অভিবাসন দপ্তরের ছাড়পত্র ছাড়াই আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে যান। ব্রিকস সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের আবহে রাজধানীর বিমানবন্দরে কীভাবে এমন বড়সড় নিরাপত্তা ত্রুটি ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে নিছকই পদ্ধতিগত গাফিলতি নাকি কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
আরও পড়ুন:
ঘটনার গুরুত্ব বিচার করে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, আইবি ডিরেক্টর-সহ এয়ার ইন্ডিয়া এবং দিল্লি বিমানবন্দরের শীর্ষ আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া, নিয়ম লঙ্ঘনের দায়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফ থেকেও এয়ার ইন্ডিয়ার কাছে ন'টি বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের এই লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।