পুবের কলম ওয়েব ডেস্ক: তোলাবাজি এবং হুমকির মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকে আপাতত স্বস্তি পেলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়েছেন, এখনই সাংসদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না। তবে সিআইডি-র তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
আরও পড়ুন:
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর কীর্তিকে সিআইডি দফতরে হাজিরা দিতে হবে। এর পরেও যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তবে সিআইডি-কে সাত দিনের আগাম নোটিস দিয়ে ডাকতে হবে। অভিযোগ, গত বছর ২১ মে কীর্তি আজাদের দুর্গাপুরের বাংলোয় এক গ্যাস ব্যবসায়ীকে ডেকে তাঁর এক সহযোগী ১৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ওই ব্যবসায়ীর দাবি, এই হুমকির অডিয়ো রেকর্ড তাঁর কাছে মজুত রয়েছে।আরও পড়ুন:
যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, এটি একটি রাজনৈতিক চক্রান্ত। ঘটনার দিন তিনি দুর্গাপুরেই ছিলেন না, যার প্রমাণ হিসেবে আদালতে নিজের বিমানযাত্রার তথ্যও জমা দিয়েছেন তিনি। ঘটনার প্রায় ১৫ মাস পরে কেন থানায় অভিযোগ দায়ের হল, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাই কোর্টে আরও একটি মামলা করেছেন তিনি।