পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের একাধিক রাজ্যের পর এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি কংগ্রেসের সমাজকল্যাণমূলক মডেলকে "অনুকরণ" করছেন! এমনটাই দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। চলতি বছর মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে দেশের প্রতি প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫,০০০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর ট্রাম্পের এই প্রতিশ্রুতিকে কংগ্রেসের জনকল্যাণমুখী স্কিমের অনুকরণ বলে কটাক্ষ করলেন শিবকুমার।

বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শিবকুমার বলেন, কংগ্রেসের গ্যারান্টি ও জনকল্যাণমুখী মডেল ইতোমধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও বিহারে অনুসৃত হয়েছে।

আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রও এই একই নীতি অনুসরণ করতে শুরু করেছে।

আত্মবিশ্বাসের সুরে শিবকুমার বলেন, "মহারাষ্ট্র আমাদের অনুকরণ করেছে, মধ্যপ্রদেশ করেছে, রাজস্থান ও বিহারও করেছে। আর এখন ট্রাম্পও আমাদের কপি করছেন! আপনারা কি দেখেছেন? ৫,০০০ ডলার!

কতটা পরিমাণ ভাবুন! ট্রাম্প বলছেন ক্ষমতায় এলে ৫,০০০ ডলার দেবেন। তার মানে কংগ্রেসের চিন্তাভাবনা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, আজ তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটাই কংগ্রেস পার্টির আসল শক্তি।"

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির মিডটার্ম কনভেনশনে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প এই নগদ অনুদানের ঘোষণা করেন। ট্রাম্প বলেন, "রিপাবলিকানরা জিতলে দেশের মানুষ জিতবে এবং আপনারা প্রত্যেকে ৫,০০০ ডলার করে পাবেন। এই প্রকল্পের নাম হবে 'ট্রাম্প ডিভিডেন্ড'।"