পুবের কলম ওয়েব ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র সংগ্রহশালা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে মহম্মদ আলি জিন্নার ছবি রাখা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি উদ্বোধন হওয়া এই সংগ্রহশালায় ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্থান পেলেও বঙ্গবন্ধুর কোনও একক প্রতিকৃতি রাখা হয়নি। শুধু ১৯৭৪ সালে তাঁর দুই ছেলের বিয়ের ছবি ও তিনটি সংবাদপত্রের কাটিংয়ে তাঁর ছবি রয়েছে। উল্টোদিকে, ১৯৪৮ সালের রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার মুহূর্ত-সহ জিন্নার তিনটি ছবি প্রদর্শিত হওয়ায় ক্ষোভ ছড়ায়। বঙ্গবন্ধুর ছবি না রাখার কারণ জানতে চাওয়া হলে জানানো হয়, ইচ্ছে হয়নি বলেই রাখা হয়নি।
উল্লেখ্য, এই সংগ্রহশালায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবিও রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সংগ্রহশালাটি উদ্বোধনের পরদিনই আবু তৈয়ব হাবিলদার নামের এক যুবক সেখানে ঢুকে জিন্নার ছবিগুলি ছিঁড়ে ফেলেন। তাঁর বক্তব্য, যিনি বাংলা ভাষার অধিকার কাড়তে চেয়েছিলেন এবং পড়ুয়াদের গ্রেপ্তার করেছিলেন, তাঁর ছবি এখানে থাকতে পারে না। একই সঙ্গে এর প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বিতর্কিত জামাত নেতা গোলাম আজমের একটি ছবি সেখানে ঝুলিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই আবহে বিতর্কিত ওই ছবি সরানোর জন্য ২৪ ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।