পুবের কলম, ওয়েবডেস্ক: বিচারপতিদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের গড়ে তোলা অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত "শক্তপোক্ত", "সংবেদনশীল" এবং "সময়োপযোগী"—সোমবার এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তবে এর পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেকোনো প্রতিষ্ঠানের উন্নতির জন্য "সংস্কারই হওয়া উচিত মূল নিয়ম"।

৬ষ্ঠ 'রাম জেঠমালানি মেমোরিয়াল লেকচার'-এ 'বিচার নিশ্চিতকরণ: আইনি ব্যবস্থার স্তম্ভ হিসেবে স্বচ্ছতা এবং জনআস্থা' শীর্ষক মূল বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, স্থবির হয়ে থেকে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না বা গর্ববোধ করতে পারে না। অনুষ্ঠানে প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি এবং হরিশ সালভে বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন।

মহেশ জেঠমালানি তাঁর বক্তব্যে দিল্লির হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে পোড়া টাকার স্তূপ উদ্ধারের ঘটনা ও বিতর্ক তুলে ধরেন। দুর্নীতি ও অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হওয়া বিচারপতি বর্মা চলতি বছরের এপ্রিলে পদত্যাগ করেন।

এই ধরনের বিতর্কের প্রেক্ষিতে সিজেআই সূর্য কান্ত বলেন, প্রধান বিচারপতি হিসেবে তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির বর্তমান অভ্যন্তরীণ ব্যবস্থা যথেষ্ট কার্যকর। তবে তিনি স্বীকার করেন যে প্রাতিষ্ঠানিক গুণগত মান উন্নয়নের জন্য সংস্কারের পথ সর্বদা খোলা রাখা উচিত। তিনি আরও বলেন, কোনো পাবলিক প্ল্যাটফর্মে এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করা সব সময় বুদ্ধিমানের কাজ নয়, তবে বিচার বিভাগ সংস্কারের নীতিকে নিঃসংকোচে মেনে নেয়।