পুবের কলম ওয়েব ডেস্ক: সমুদ্রে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক অভিনব জলতল ড্রোন বা মাছরূপী রোবট তৈরি করল চিন। সম্প্রতি বেজিংয়ের একটি অনুষ্ঠানে প্রদর্শিত এই দূরনিয়ন্ত্রিত রোবটের নাম দেওয়া হয়েছে ‘বিজি-৫ গোল্ডেন ড্রাগন ফিশ’। ‘গোল্ডেন অ্যারোয়ানা’ মাছের আদলে এটি তৈরি করেছে চিনের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত সংস্থা ‘বোয়াগংদাও মেরিন টেকনোলজি গ্রুপ’।
সাধারণ ড্রোনের মতো এতে কোনও প্রপেলার নেই।

তার বদলে রয়েছে মাছের মতোই নমনীয় লেজ, যার মাধ্যমে জল ঠেলে এটি এগিয়ে যায়। লেজটি তিন ভাগে বিভক্ত এবং পুরো রোবটটি মোট সাতটি খণ্ডে তৈরি, যা জলে স্বাভাবিক মাছের মতো ঢেউ তুলতে পারে। এই কৃত্রিম মাছটি সমুদ্রের পাঁচ মিটার গভীরে প্রতি সেকেন্ডে ০.৬ মিটার গতিতে সাঁতার কাটতে সক্ষম। এতে থাকা অত্যাধুনিক সেন্সর স্বয়ংক্রিয়ভাবে সামনে থাকা পাথর বা অন্য যে কোনও বাধা শনাক্ত করে নিজেই গতিপথ পরিবর্তন করতে পারে।

প্রস্তুতকারী সংস্থার দাবি, এই রোবটের উন্নত সংস্করণে যুক্ত করা হয়েছে ‘মাল্টি রোবট কোঅপারেশন প্রযুক্তি’। এর ফলে জলের নিচে একাধিক রোবট একসঙ্গে কাজ করতে, নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে এবং কাজ ভাগ করে নিতে পারবে। বিশেষজ্ঞদের মতে, সাধারণ বিনোদনের বাইরে মূলত চিনের প্রতিরক্ষা ও গুপ্তচরবৃত্তির কাজে এর ব্যাপক প্রয়োগের সম্ভাবনা রয়েছে। আকারে ছোট হওয়ায় এবং শত্রুর রাডারে সহজে ধরা না পড়ায় সরু প্রবাল প্রাচীরের মধ্য দিয়ে নির্বিঘ্নে নজরদারি চালাতে পারবে এই কৃত্রিম মাছ। উল্লেখ্য, এর আগেও চিনা সেনার জন্য হামলা চালাতে সক্ষম ‘রোবো শার্ক’ তৈরি করেছিল এই সংস্থা।