পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (MPSC) অনলাইন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগে রাজ্যজুড়ে শুরু হওয়া পরীক্ষার্থীদের আন্দোলনে এবার যুক্ত হতে চলেছে 'ককবোচ জনতা পার্টি'। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের উপস্থিতিতে রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে কমিশনের চেয়ারম্যান এবং সচিবের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিজেপি।

ছত্রপতি সম্ভাজিনগরের বালুজ এলাকায় অভিজিৎ দীপকের বাসভবনে এমপিএসসি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা আসে। দলের তরফে জানানো হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শীর্ষ দুই কর্মকর্তা ইস্তফা না দিলে রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও আন্দোলন জোরদার করতে প্রচার সফর শুরু করবে তারা।

অভিজিৎ দীপক এক ভিডিও বার্তায় চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, "পরীক্ষার্থীদের এই লড়াইয়ে আমি এবং আমার দল সিজিপি তাদের পাশে আছি। যতক্ষণ না শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না।"

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করছেন পরীক্ষার্থীরা। ২৪ সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগ না হলে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় সফর করে আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের এই ক্রমাগত প্রতিবাদ মহারাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনিক মহলে নতুন চাপ সৃষ্টি করেছে।