পুবের কলম ওয়েব ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে একসময় ক্যাশলেস অর্থনীতিতে জোর দিলেও, এবার ইউপিআই লেনদেনে অতিরিক্ত ফি বা এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) বসানোর নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, একটি ২২ সদস্যের কমিটি এই এমডিআর-এর নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করবে। সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে পাশ হওয়া সংশোধনী অনুযায়ী, ২ হাজার টাকার বেশি অনলাইন লেনদেনের উপর ০.৩ থেকে ০.৫ শতাংশ হারে এমডিআর চাপানো হতে পারে। ২০২০ সাল থেকে ভারতে এই নিয়মটি স্থগিত ছিল।
তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ছোট ব্যবসায়ীদের এই অতিরিক্ত ফির আওতায় আনা হবে না।কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, মার্কিন সংস্থাগুলি দীর্ঘদিন ধরে ভারতের এই বিনামূল্যের এমডিআর ব্যবস্থার বিরোধিতা করে আসছিল এবং প্রধানমন্ত্রী শেষমেশ মার্কিন চাপের মুখেই নতিস্বীকার করেছেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, ব্যবসায়ীদের ওপর এই কর বসানো হলে চূড়ান্তভাবে সাধারণ মানুষের পকেট থেকেই সেই টাকা উশুল করা হবে। কংগ্রেসের আশঙ্কা, ব্যবসায়ীদের দিয়ে শুরু হলেও আগামী দিনে সমস্ত ধরনের অনলাইন পেমেন্টের উপরেই কেন্দ্র এই ধরনের ফি বসাতে পারে।