পুবের কলম প্রতিবেদক, পূর্ব বর্ধমান: কৈচর ২ নম্বর পঞ্চায়েতের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে এক অনন্য উদ্যোগ দেখা গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। দীর্ঘদিন ধরে জঙ্গলাবৃত হয়ে পড়ে থাকা মঙ্গলকোটের 'জাগেশ্বরডিহি ভুবনমোহিনী স্মৃতি শিক্ষানিকেতন'-এর প্রাঙ্গণ অবশেষে পরিষ্কার করতে স্বহস্তে কাজ শুরু করলেন বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে ক্ষুব্ধ হয়ে শেষপর্যন্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজেরাই স্কুৃল প্রাঙ্গন পরিষ্কারের দায়িত্ব নেন। বিজেপি বিধায়ক শিশির ঘোষ, বর্ষীয়ান বিজেপি নেতা ননিচুড়া ঘোষ সহ অঞ্চলের দলীয় কর্মীরা হাতে হাত মিলিয়ে ঝোপঝাড় কেটে বিদ্যালয় প্রাঙ্গণ সাফ করার কাজে হাত লাগান।
আরও পড়ুন:
মঙ্গলকোটের বিজেপি নেতা ননীচুড়া ঘোষ বলেন, বিদ্যালয় চত্বর ঘন জঙ্গল ও আগাছায় ভরে ওঠায় পঠনপাঠনের পরিবেশ ব্যাহত হচ্ছিল।
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয় চত্বর সাফাইয়ের জন্য পঞ্চায়েত প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।এই বিষয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, "শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্তদের বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আমাদের এই উদ্যোগ নিতে হয়েছে।" ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।