পুবের কলম ওয়েব ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে ওই আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিধায়ক পদের লড়াইয়ে তাঁর যোগ্যতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠলেও, হাসিরানি দেবী নতুন মুখ নন; প্রায় ২৮ বছর ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।
১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকেই রাজনীতির আঙিনায় পা রাখেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা হাসিরানি রথ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষের দায়িত্বও সামলেছেন।

পরবর্তীতে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর তাঁর সঙ্গে হাসিরানি দেবীর পরিবারের যোগাযোগ নতুন করে মজবুত হয় এবং তাঁর ছেলে চন্দ্রনাথ শুভেন্দুর আপ্ত সহায়কের দায়িত্বে আসেন।
চন্দ্রনাথ খুন হওয়ার পর সর্বদা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই আস্থা থেকেই নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে হাসিরানি দেবীকে প্রার্থী করল দল। মনোনয়ন পেশের পর হাসিরানি রথ জানান, তিনি নন্দীগ্রামের অসম্পূর্ণ সমস্ত কাজ শেষ করতে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবেন এবং এলাকার মানুষের পাশে থাকবেন।