পুবের কলম ওয়েবডেস্ক: সুন্দরবন ও সল্টলেকের মধ্যে সড়ক পথে যোগাযোগ উন্নত করতে উদ্যোগী রাজ্য সরকার। তাই এবার করুণাময়ী থেকে সুন্দরবন পর্যন্ত একাধিক নয়া বাস রুট চালু করা হল পরিবহণ দফতরের তরফে। পরিবহণ দফতর সূত্রে খবর, সুন্দরবন রুটের যাত্রীরা মাঝেমধ্যেই বাসের অভাব নিয়ে অভিযোগ করতেন ।
আরও পড়ুন:
সেই কথা মাথায় রেখে করুণাময়ী থেকে সুন্দরবন রুটে বাস পরিষেবা চালু হল। ঘন ঘন বাস পরিষেবা থাকলে নিঃসন্দেহে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষজনের অনেকটাই সুবিধা হবে এবং বাসের অভাবে যাত্রীদের হয়রানি কিছুটা হলেও এবার ঘুচবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সুন্দরবন এবং সল্টলেক এলাকার মধ্যে বাসের পর্যাপ্ত অভাব রয়েছে। তাই করুণাময়ী থেকে সুন্দরবনের পথে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় উপর দিয়ে যাবে বাসগুলো। করুণাময়ী থেকে সুন্দরবনের উদ্দেশে যে রুটগুলি চালু হয়েছে, সেগুলি হল, করুণাময়ী থেকে কানমারি, এই রুটে আপাতত দু’টি বাস চালানো হবে। আপ ও ডাউন রুটে বাসটি উলটোডাঙা, খান্না, মানিকতলা, শিয়ালদা, পার্কসার্কাস, সায়েন্স সিটি, বানতলা, ঘটকপুকুর, মালঞ্চ হয়ে যাবে।
আরও পড়ুন:
করুণাময়ী থেকে বকখালি, এই রুটে আপাতত দু’টি বাস চালানো হবে ।
আপ ও ডাউন রুটে বাসগুলি উলটোডাঙা, খান্না, মানিকতলা, শিয়ালদা, এসপ্ল্যানেড, তারাতলা, আমতলা, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ ও নামখানা হয়ে বকখালি পৌঁছবে।আরও পড়ুন:
এছাড়া আরও দু’টি বাসরুট চালু হচ্ছে, সেগুলি হল: করুণাময়ী থেকে টালিগঞ্জ করুণাময়ী (এসটি-৬) এই রুটে আপাতত দু’টি বাস চালানো হবে। আপ ও ডাউন রুটে বাস সল্টলেক ডিপো, নিক্কো পার্ক, চিংড়িহাটা, সায়েন্স সিটি, রুবি, অভিষিক্তা, যাদবপুর এবং আনোয়ার শাহ রোড হয়ে যাবে।
আরও পড়ুন:
করুণাময়ী থেকে বুরুল: যেহেতু এই রুটটি বেশ কিছুটা জনপ্রিয় এবং এখানে যাত্রী ভিড়ও থাকে তুলনামূলক বেশি, তাই এই রুটে আপাতত তিনটি বাস দেওয়া হয়েছে । বাসগুলো আপ ও ডাউন লাইনে উলটোডাঙা, খান্না, মানিকতলা, শিয়ালদা, এসপ্ল্যানেড, তারাতলা, জোকা, রাশপুঞ্জ, বাকরাহাট, নোদাখালি হয়ে বুরুল পৌঁছবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ১৫ বছরের গেরোয় পরে ইতিমধ্যেই রাজ্যে বহু বাস বাতিল হয়েছে। তাই ধীরে ধীরে পাল্লা দিয়ে কমেছে বাসের সংখ্যা। আর গণ পরিবহণের অন্যান্য মাধ্যমের তুলনায় বাসের আয় তলানিতে এসে ঠেকেছে বলে বন্ধ হয়েছে বহু রুট। তাই সরকারি ও বেসরকারি বাসের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
রাস্তায় বাসের অভাব নিয়ে উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রীদের সঙ্গে কথা বলে কোন রুটে কত বাসের প্রয়োজন এবং কোন রুটে বাসের অভাব রয়েছে, সেইসব বিষয় খোঁজ নিয়েছিলেন। সেই মতো একাধিক রুটে সরকারি বাস দেওয়া হয়েছে। আবার বেশ কয়েকটি নতুন রুট চালুও করা হচ্ছে।