রাজস্থানের পুরভোটে কংগ্রেসকে সামান্য পিছনে ফেললেও মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরে বড় ধাক্কা খেল বিজেপি। ভরতপুর এবং পাশের দিগ জেলার ১৩টি পুরসভার ৪১৫টি ওয়ার্ডের মধ্যে ২৬২টি দখল করেছে নির্দল প্রার্থীরা। অর্থাৎ দুই জেলার প্রায় ৬৩ শতাংশ আসন গিয়েছে তাঁদের দখলে। বিজেপি পেয়েছে ১৩১টি ওয়ার্ড, আর কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ১৯টি আসন। বিএসপি পেয়েছে দু’টি এবং আরএলপি একটি আসন।

ফলাফলে ভরতপুরে বিজেপির খারাপ ফল বিশেষভাবে নজর কেড়েছে। তিন বছর আগে এই দুই জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার পাশাপাশি রাজ্যের মন্ত্রী জওহর সিং বেধামের নির্বাচনি কেন্দ্র নগরও এই এলাকার অন্তর্ভুক্ত। ফলে মুখ্যমন্ত্রী নিজে প্রচারে নামার পরও দলীয় প্রার্থীদের ফল কেন এত খারাপ হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে বিজেপির ভরতপুর জেলা সভাপতি শিবানী ডেমা এর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন।

তাঁর দাবি, পুরভোটে ব্যক্তিগত পরিচিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলের টিকিট না পেয়ে বিজেপিরই অনেক কর্মী নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন এবং তাঁদের অধিকাংশই জয় পেয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতি স্থানীয় মানুষের কোনও ক্ষোভ নেই বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে, রাজ্যের সামগ্রিক ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। ৩০৯টি স্থানীয় পুরসভার ১০ হাজার ২৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৪ হাজার ১৭৯টি আসনে জয় পেয়েছে। কংগ্রেস পেয়েছে ৩ হাজার ৬১৩টি আসন। কোটা, উদয়পুর ও ভিলওয়ারায় বিজেপি জয় পেলেও বিকানির, আজমির, পালি, ঝালাওয়ার ও টঙ্কে সাফল্য পেয়েছে কংগ্রেস।