পুবের কলম ওয়েবডেস্ক, পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের ইরানপন্থী হুতিরা ড্রোন পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি মক্কার সংরক্ষিত আকাশসীমায় ঢোকার আগেই শনাক্ত করে ভূপাতিত করা হয়। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি শনাক্ত করে।

তাঁর দাবি, মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বেসামরিক মানুষের ক্ষতি করতেই এ ধরনের হামলার চেষ্টা করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ মুসলিমদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।


ঘটনার পর মঙ্গলবার মক্কায় সাময়িক নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি সরকার। একই সতর্কতা জারি হয়েছিল তাইফ ও জেদ্দাতেও।

তবে কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়। ২০১৭ সালের পর এবারই প্রথম মক্কায় এমন সতর্কতা জারি করা হলো।
হুতিদের সামরিক সূত্র মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানকে লক্ষ্য করার অভিযোগকে ‘ভুল তথ্য’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, ইয়েমেন থেকে পবিত্র স্থানগুলোর প্রতি কোনো হুমকি নেই।


এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফে হুতিদের হামলায় ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এর জবাবে সৌদি জোট হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।