পুবের কলম ওয়েব ডেস্ক:  আর জি করের অভয়া কাণ্ডের পর কেটে গিয়েছে দু’বছরেরও বেশি সময়। দোষী সঞ্জয় রাইকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সেই রায়ে একেবারেই খুশি নয় নির্যাতিতার পরিবার। মেয়ের সুবিচারের আশায় রাজনীতিতে পা রেখে বর্তমানে পানিহাটির বিধায়ক হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। তবে আদালতে সিবিআইয়ের সদ্য জমা দেওয়া চার্জশিট বা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন তিনি।

২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত ওই মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়র সঞ্জয় রাইকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু পরিবারের প্রথম থেকেই দাবি ছিল, এই অমানবিক নৃশংসতার পিছনে আরও বড় মাথা জড়িত, সঞ্জয়ের একার পক্ষে তা করা সম্ভব নয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি বা চাঞ্চল্যকর কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। এই পরিস্থিতিতে সুবিচার পাওয়ার লক্ষ্যেই চলতি বছরের শুরুতে বিজেপিতে যোগ দেন রত্না দেবী এবং বর্তমানে তিনি পানিহাটির বিধায়ক।

মঙ্গলবার শিয়ালদহ আদালতে এই মামলার ১৩ তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, সিসিটিভি ফুটেজ, মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্টের পাশাপাশি শ্মশানে দাহ করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের তোলা প্রশ্নগুলির উত্তর খোঁজার কাজ চলছে, যদিও কিছু তদন্ত এখনও বাকি। কিন্তু এই রিপোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এই চার্জশিটে নতুন কিছুই নেই, দু'বছর ধরে একই জিনিস দেখছেন তাঁরা। তাঁর দাবি, খোদ বিচারপতিরাও এই চার্জশিটে সন্তুষ্ট নন। তবে স্বাস্থ্যদপ্তরের তরফে নতুন করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার উপরেই আপাতত ভরসা রাখছেন পানিহাটির বিধায়ক।