পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় খালি করার জন্য দমকল বিভাগের দেওয়া নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল যে জবাব দিয়েছিল, দমকলকে তা নতুন করে খতিয়ে দেখতে হবে। এরপর আগাম দিনক্ষণ জানিয়ে পুনরায় ওই অফিস পরিদর্শন করতে পারবে দমকল বাহিনী।
আদালত স্পষ্টভাবে জানিয়েছে, নতুন করে নোটিস দিয়ে পরিদর্শনের দিন জানাতে হবে দমকলকে।
উল্লেখ্য, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের সাত ও আট তলায় অবস্থিত এই কার্যালয়ে সম্প্রতি বিলবোর্ড খোলা নিয়ে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে তীব্র বচসা হয়। এর পরই দমকল বাহিনী ওই অফিসে হানা দিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তোলে এবং মালিকপক্ষকে অফিস খালি করার নোটিস দেয়। সেই নির্দেশেই মালিকপক্ষ অভিষেকদের অফিস খালি করতে বলেছিল। নোটিসটিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তাদের আইনজীবী আদালতে সওয়াল করেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থার দায়িত্ব মূলত বাড়ির মালিকের। গত ১১ সেপ্টেম্বর এই নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বুধবার চূড়ান্ত শুনানিতে সেই নোটিসটিই খারিজ করে দিল হাই কোর্ট।