পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল সফরের সময় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান তথা হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসির কনভয়ে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোপালের ব্যস্ত ভিআইপি রোডে ঘুরতি পথে কনভয়ের কিছু গাড়ি হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা কয়েকটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এতে ৪ থেকে ৫ জন বাইকার আহত হন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বসন্ত কৌল জানিয়েছেন, ঘুরতি মোড়ে হঠাৎ গতি কমানোর ফলে কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে এই ধাক্কা লাগে।
রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বিকেলে ভোপাল পৌঁছান এআইএমআইএম প্রধান। দুর্ঘটনার ধাক্কা সামলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিন্ন দেওয়ানি বিধি রূপায়নের বিরুদ্ধে কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করেন তিনি। ওয়েসি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি ভারতের সংবিধান এবং ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী। ওয়েসি বলেন, "ইউসিসি সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ (ধর্মের স্বাধীনতার অধিকার), ২৬ নম্বর অনুচ্ছেদ (ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), ১৪ নম্বর অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা) এবং ২৯ নম্বর অনুচ্ছেদের (সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার সুরক্ষা) সরাসরি বিরোধী। ধর্মের স্বাধীনতা খর্ব করে এই ধরনের আইন বলবৎ করা যায় না।"
কেন্দ্রে বিজেপির সাথে জোটে থাকা কিন্তু ইউসিসি ইস্যুতে ভিন্ন আদর্শ পোষণকারী দলগুলোকে (যেমন টিডিপি, জেডিইউ এবং এলজেপি) তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হবে। সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই ওয়েসি এই পাল্টা তোপ দাগলেন।