পুবের কলম ওয়েবডেস্ক, দুর্গাপুজোর মণ্ডপে আলোর ঝলকানি থাকলেও আকাশের দিকে ছোড়া যাবে না লেজারের রশ্মি। বায়ুসেনা ও যাত্রীবাহী বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় এলাকায় দুর্গাপুজোর সময় লেজার শো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
পানাগড়ে গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনি রয়েছে। কাছেই দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর।

ফলে এই এলাকার আকাশপথে নিয়মিত বায়ুসেনার পাশাপাশি যাত্রীবাহী বিমানও চলাচল করে। প্রশাসনের আশঙ্কা, শক্তিশালী লেজারের আলো বিমানের ককপিটে পৌঁছলে চালকদের দৃষ্টিতে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। তাতে বিপদ ঘটার আশঙ্কা থাকে।


এই বিষয়ে কাঁকসার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজকুমার মালাকার। তিনি জানান, প্রশাসনের নির্দেশ যাতে কোনও পুজো কমিটি অমান্য করে লেজার শো না চালায়, তা নিশ্চিত করতে কাঁকসা থানার পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে ২০২১ সালে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি হয়েছিল। সেখানে লেজার শোয়ের আলো বিমান অবতরণের সময় পাইলটদের সমস্যায় ফেলেছিল বলে অভিযোগ ওঠে। পরে পুজোর মধ্যেই লেজার শো এবং মণ্ডপের আলো বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পানাগড়ে আগেভাগে সতর্ক প্রশাসন।