পুবের কলম ওয়েব ডেস্ক: ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে বেনজির পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, আগামী ২৬ সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলটি পাশ করিয়ে নিতে চাইছে কেন্দ্র। এই কারণে আগামী সপ্তাহে তিন দিনের জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। শুভকাজে বাধা এড়াতেই পিতৃপক্ষের আগে এই তড়িঘড়ি প্রস্তুতি বলে রাজনৈতিক মহলের অনুমান।
খাতায়-কলমে এটিকে বিশেষ অধিবেশন বলা ঠিক হবে না।

কারণ, গত ১৩ আগস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হলেও, রাষ্ট্রপতির তরফে এখনও পর্যন্ত অধিবেশন শেষের আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে আসন্ন এই বৈঠকটি বাদল অধিবেশনেরই বর্ধিত অংশ হিসেবে গণ্য হবে। বিরোধীদের খানিকটা অন্ধকারে রেখেই খুব অল্প সময়ের মধ্যে সরকার বিলটি পেশ করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
সংবিধান সংশোধনী এই বিলটি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমানে এনডিএ শিবিরের হাতে রয়েছে ৩১৭ জন সাংসদ।
সূত্রের দাবি, বাকি সমর্থন জোগাড় করতে এনডিএ নেতৃত্ব জোরদার প্রস্তুতি নিচ্ছে। ডিএমকে শেষ পর্যন্ত বিলটির বিরোধিতা না করলে সরকার অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবে। পাশাপাশি, বিরোধী শিবিরের কয়েকজন সাংসদের ক্রস ভোটিং বা ভোটদানে বিরত থাকার বিষয়টিকেও হিসাবে রাখা হচ্ছে। এর আগে বিলটি পাসের চেষ্টা একবার ব্যর্থ হওয়ায়, এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। তাই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর থেকেই বিভিন্ন দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে বিজেপি।