পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের কড়া অবস্থানের মুখে নতিস্বীকার করল ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি 'মেটা'। শিশু যৌন শোষণের মতো মারাত্মক অপরাধের ঘটনাগুলো এখন থেকে সরাসরি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট করতে সম্মত হয়েছে সংস্থাটি। কেন্দ্রের স্পষ্ট বার্তা—ভারতে ব্যবসা করতে হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শিশুদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করা একটি মৌলিক ও আপসহীন নীতি।

মেটার এই সিদ্ধান্তকে শিশু সুরক্ষার দিশায় একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন সরকারি আধিকারিকরা।

মেটা জানিয়েছে, তারা এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)-এর পরিচালিত সাইবার অপরাধ পোর্টালে সরাসরি শিশু নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ের রিপোর্ট পাঠাবে।

সাম্প্রতিক সময়ে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট ও তার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠে আসে। এরপরই একাধিক কেন্দ্রীয় সংস্থা ও কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে। প্রসঙ্গত, 'বিবিসি আই'-এর একটি বিশেষ প্রতিবেদনে মেটা প্ল্যাটফর্মে শিশু শোষণের বিজ্ঞাপনের বিষয়টি ফাঁস হওয়ার পর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয়।

কমিশন মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানকে ৯ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায়।

মেটার এক মুখপাত্র বলেন, "আমাদের প্ল্যাটফর্মে শিশুদের সুরক্ষা দেওয়া সবসময়ই অগ্রাধিকার পায়। আমরা সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা যায়। লড়াই জোরদার করতে মেটা এখন থেকে সরাসরি I4C পোর্টালে শিশুদের সুরক্ষা সংক্রান্ত বিষয়টি রিপোর্ট করবে।"

কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা স্পষ্ট করেছেন, অনলাইন প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা বাড়াতে অন্যান্য সোশ্যাল মিডিয়া সংস্থানগুলোর সাথেও প্রতিনিয়ত আলোচনা চালানো হচ্ছে। যেসকল প্ল্যাটফর্ম শিশুদের সুরক্ষায় অগ্রণী পদক্ষেপ নেবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।