পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজে মুগ্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতায় 'সেবা সংকল্প অভিযান' সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া এবং জনকল্যাণমূলক কাজে মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরে তিনি কার্যত তাঁর পারফরম্যান্সের শংসাপত্রই দিয়ে দিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলা উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

মাত্র চার মাসে রাজ্য সরকার যে সমস্ত কাজ করেছে, দেশের অন্যান্য রাজ্যেও তা নিয়ে চর্চা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে এই রাজ্য বিশ্বের এক নম্বর ‘শিপ বিল্ডিং হাব’ বা জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে উঠে আসবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।
এদিনের বৈঠকে বাংলার প্রতি সম্মান জানাতে গিয়ে রাজনাথ উল্লেখ করেন, এবারের স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবারের জন্য 'বন্দে মাতরম'-এর সব কটি স্তবক গাওয়া হয়েছে, যা বাংলার জন্য অত্যন্ত গর্বের।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবনকে তিনি ‘সেবা’ শব্দটির মাধ্যমে ব্যাখ্যা করেন। তিনি জানান, সমস্ত বিরোধিতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী যেমন উন্নয়নের পথে হেঁটেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগামী দিনে সেই পথেই হাঁটবেন। তৃণমূল পরিচালিত পূর্বতন সরকারের পর রাজ্যে প্রথমবার গঠিত হয়েছে বিজেপি সরকার। আর এই অল্প সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমনের পদক্ষেপগুলি যে কেন্দ্রীয় নেতৃত্বের মন জয় করেছে, তা এদিন রাজনাথ সিংয়ের কথাতেই স্পষ্ট।