ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা SIR প্রক্রিয়াকে বৈধতা দিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার SIR সংক্রান্ত দায়ের হওয়া একাধিক মামলার রায় ঘোষণা করতে গিয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশন-এর হাতে। আদালতের পর্যবেক্ষণ, এই প্রক্রিয়ার মাধ্যমে কোনও সাংবিধানিক বা বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘিত হয়নি।
রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে SIR প্রক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ভোটার তালিকাকে নির্ভুল ও হালনাগাদ রাখার সাংবিধানিক দায়িত্ব পালন করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

আদালতের মতে, নির্বাচন কমিশন তার আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেনি এবং পুরো প্রক্রিয়াই আইনসম্মত।
শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে, SIR প্রক্রিয়াটি ‘আনুপাতিকতার নীতি’ মেনেই কার্যকর করা হয়েছে। অর্থাৎ, এই পদক্ষেপকে অতিরিক্ত, অযৌক্তিক বা অসংগত বলা যায় না। বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত আদালতের।

রায়ে আদালত জোর দিয়ে বলেছে, ভোটার তালিকার নির্ভুলতা পুনরুদ্ধার এবং নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার সাংবিধানিক উদ্দেশ্য থেকেই এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালু করা হয়েছে। ফলে নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপগুলিকে কোনওভাবেই অসামঞ্জস্যপূর্ণ বা বেআইনি হিসেবে দেখা যাবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।