প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। বুধবার ৭৫ পেরিয়ে ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। জন্মদিন ঘিরে কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপনের আহ্বান জানানো হয়েছে।

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদেরও এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মোমবাতি জ্বালাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ওই সময়ে নিজেদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গেও একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’।

সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে মহিলাদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি, ‘অন্নপূর্ণা যোজনা’র আওতায় যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর কথাও জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, এ বার এই প্রকল্পের আওতায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা সুবিধা পেতে পারেন। আগের মাসের তুলনায় এই সংখ্যা বেশি বলেও জানানো হয়েছে।