ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় বেইজিং প্রস্তুত।

বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষকেই যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানান ওয়াং ই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকানোর ওপর জোর দেন তিনি।

তাঁর বক্তব্য, ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ুক, তা চায় না বেইজিং।

চীনের এই অবস্থান এমন সময়ে সামনে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই এই সংঘাতের উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের কথা বলে আসছে। একই সময়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ওয়াং ই আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন। আগের সমঝোতার ভিত্তিতে আলোচনার কাঠামো পুনর্গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালি দ্রুত পুনরায় উন্মুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এরই মধ্যে ইরানকে সামরিক তথ্য সরবরাহের অভিযোগও অস্বীকার করেছে বেইজিং।