পুবের কলম ওয়েব ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) বা সেন্সর বোর্ডের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বুধবার ঘোষিত ১৮ সদস্যের এই পুনর্গঠিত বোর্ডে জায়গা পেয়েছেন বাংলার সুপারস্টার তথা সদ্য পদ্মশ্রী জয়ী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তৈরি হওয়া এই নতুন কমিটিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন বলিউড এবং আঞ্চলিক বিনোদন জগতের একাধিক চেনা মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপালি গঙ্গোপাধ্যায় এবং পল্লবী যোশী।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী তিন বছর বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বোর্ড কাজ করবে। আগামী দিনে সিনেমা সেন্সরের যাবতীয় দায়িত্ব থাকবে তাঁদের হাতেই। অর্থাৎ, কোন সিনেমায় সেন্সরের কাঁচি চলবে, তা এই সদস্যদের নির্দেশেই ঠিক হবে।

দীর্ঘ চার দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অপরিসীম।

সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ছবির দুর্দিনে কার্যত নিজের কাঁধেই টলিউডের দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ গত মে মাসেই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল কেন্দ্রীয় সরকার। এবার তাঁকে সেন্সর বোর্ডের মতো গুরুত্বপূর্ণ কমিটিতেও নিয়ে আসা হল। এই কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রিয়দর্শন, মনোজ যোশী, রিকি কেজ, হংসরাজ হংস, নীলা মাধব পাণ্ডা-সহ সিনেমা, টেলিভিশন ও সঙ্গীত জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।