ভারতের সঙ্গে ঐতিহাসিক মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নে চূড়ান্ত সিলমোহর দিল নিউজিল্যান্ডের পার্লামেন্ট। বুধবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। গত ২৭ এপ্রিল দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পার্লামেন্টে বিলটির পক্ষে ৯৩টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র ২৯টি ভোট। উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের শাসকদল ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টি উভয়ই এই মুক্তবাণিজ্য চুক্তি সমর্থন করে ভোট দিয়েছে।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি জানান, অতীতে অনেকেই মনে করেছিলেন ভারতের সঙ্গে এমন একটি চুক্তি করা সম্ভব নয়, কিন্তু বর্তমানে তা বাস্তবে রূপ নিয়েছে। লাক্সন আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে ১৪০ কোটি ভারতীয়ের বিশাল বাজারে নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত হবে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই মুক্তবাণিজ্য চুক্তি একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
তবে এই চুক্তির মাধ্যমে শুধু নিউজিল্যান্ড নয়, ভারতেরও বড় ধরনের অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, আগামী ১৫ বছরে ভারতে দু’হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নিউজিল্যান্ড। মুক্তবাণিজ্য চুক্তি অনুযায়ী, এখন থেকে দুই দেশই বেশিরভাগ পণ্য বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে আমদানি ও রপ্তানি করতে পারবে। এর ফলে বিদেশি বিনিয়োগের মাধ্যমে ভারতে উন্নত প্রযুক্তির প্রসার ঘটবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এই চুক্তির ফলে ভারতের বস্ত্র, চামড়াজাত পণ্য, জুতো, রত্ন, অলঙ্কার এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি কৃষি ক্ষেত্রেও উভয় দেশ আগামী দিনে একসঙ্গে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে।