অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে বিহারে এনডিএর শরিক জেডিইউয়ের অন্দরের মতপার্থক্যকে সামনে এনে নীতীশ কুমারের দলের উপর রাজনৈতিক চাপ বাড়াল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ইউসিসিকে ‘বিভেদমূলক’ পদক্ষেপ বলে দাবি করে জেডিইউকে এনডিএ ছেড়ে আরজেডির সঙ্গে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র।
আরও পড়ুন:
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ২০২৯ সালের মধ্যে এনডিএ-শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। তাঁর এই বক্তব্যের পর বিহারে বিজেপির জোটসঙ্গী জেডিইউয়ের অন্দরেও ইউসিসি নিয়ে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে জেডিইউকে নিশানা করে ভাই বীরেন্দ্র বলেন, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো সমস্যার সমাধান বিজেপির কাছে নেই। তাঁর দাবি, সেই কারণেই ইউসিসির মতো বিষয় সামনে এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:
আরজেডি বিধায়কের বক্তব্য, ইউসিসি নিয়ে বিজেপির অবস্থানের সঙ্গে জেডিইউয়ের অবস্থানের পার্থক্য রয়েছে। সেই মতপার্থক্যকে সামনে রেখেই তিনি নীতীশ কুমারের দলকে এনডিএ ছেড়ে আরজেডির সঙ্গে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।