পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় যৌথ বাহিনীর সঙ্গে এক তীব্র গোলাগুলিতে অন্তত দুই জঙ্গি খতম হয়েছে। বুধবার সন্ধ্যায় উধমপুরের মজালতা এলাকায় সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল তল্লাশি অভিযান শুরু করলে এই গুলির লড়াই শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি এবং তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুরো এলাকা ঘিরে রেখে এখনও চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ।

বুধবার সন্ধ্যায় মজালতায় সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে প্রথমে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সমন্বিতভাবে একটি 'কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন' চালু করে।

তল্লাশিচক্র ছোট হয়ে এলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। গুলির লড়াই শুরু হতেই দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়। এলাকাটি সিল করে দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ জোরদার করা হয়, যার ফলে দুই জঙ্গি নিহত হয়।

প্রসঙ্গত, সম্প্রতি রাজৌরিতে লস্কর-ই-তৈবা-র সাথে যুক্ত একটি 'ওভারগ্রাউন্ড ওয়ার্কার' মডিউল উন্মোচিত হওয়ার পর থেকেই সমগ্র পীর পঞ্জাল অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা চরম জোরদার করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রাজৌরি পুলিশ ৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।