প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলায় যে নতুন বাড়িগুলি তৈরি হবে, সেগুলির মালিকানা মহিলাদের নামে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সল্টলেকে আয়োজিত ‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।

এদিন অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সারাদিন ধরে একে একে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে যাবে।

রাজ্যের সমস্ত যোগ্য মহিলা এই সুবিধা পাবেন বলেও জানান তিনি।

এর পাশাপাশি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাংলায় যে নতুন বাড়িগুলি তৈরি হবে, সেগুলির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই করা হবে।

শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই বাড়িগুলির মালিকানা মহিলাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ির জন্য প্রয়োজনীয় চুক্তি বা এগ্রিমেন্টও মহিলাদের নামেই করা হবে বলে জানান তিনি।

অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মহিলাদের আর্থিক আত্মবিশ্বাস বাড়াতে অন্নপূর্ণা ভাণ্ডারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্য, জরুরি খরচ নিয়ে দুশ্চিন্তা কমলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে এবং অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করছে।

অনুষ্ঠানে শুভেন্দু জানান, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর দিনটি ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে। তাঁর বক্তব্য, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে মহিলাদের সহায়তার কথাও তুলে ধরেন তিনি।

তবে সরকারের ভূমিকা শুধু ভাতা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সরকার সংস্কারের পাশাপাশি প্রত্যেক কন্যা, বালিকা ও বোনের সুরক্ষার জন্য কাজ করবে।