পুবের কলম ওয়েব ডেস্ক: ইউপিআই লেনদেনে মাশুল বা ফি বসানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন সরব কংগ্রেস, ঠিক সেই সময়েই জোটসঙ্গীর উলটো পথে হেঁটে নরেন্দ্র মোদি সরকারের পাশেই দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর জানান, ইউপিআই ব্যবস্থা পরিচালনা করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং মানুষ বিনামূল্যে পাওয়া জিনিসের সঠিক কদর করে না। তিনি আরও স্পষ্ট করেন যে, ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর ক্ষেত্রে বা সাধারণ গ্রাহকদের নির্দিষ্ট সীমার মধ্যে লেনদেনে কোনও মাশুল নেওয়া হচ্ছে না। সংস্থাগুলির উপর ফি ধার্য করা হলে তাঁর কোনও আপত্তি নেই, কারণ তারা ইউপিআইয়ের মাধ্যমে প্রচুর আয় করে থাকে।

তবে সাধারণ মানুষের উপর যাতে কোনও আর্থিক চাপ তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সম্প্রতি একাধিক ইস্যুতে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন করেছেন ভূস্বর্গের মুখ্যমন্ত্রী। এর আগে কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ‘বন্দে মাতরম’-এর সব ক’টি স্তবক গাওয়া থেকে শুরু করে ব্রিকস সম্মেলনে মোদি সরকারের সাফল্যের প্রচার বারবার তাঁকে কেন্দ্রের পক্ষ নিতে দেখা গিয়েছে। ওমরের এই ভূমিকায় ক্ষুব্ধ কাশ্মীরের কংগ্রেস নেতৃত্ব এআইসিসি-র কাছে জোট পর্যালোচনার আবেদন জানিয়েছে। কেন্দ্রের সঙ্গে তাঁর এই ক্রমবর্ধমান সমন্বয়ের ফলে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে বড়সড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।