পুবের কলম ওয়েবডেস্ক, উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরনোয় আতঙ্ক ছড়াল হুগলির বেলমুড়ি স্টেশনে। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বিপদ বুঝে চালক হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনে ট্রেনটি থামিয়ে দেন। আতঙ্কে বেশ কয়েক জন যাত্রী কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে চলে আসেন।

২০ মিনিট পর ফের যাত্রা

শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেলমুড়ি স্টেশনের কাছে পৌঁছনোর পর একটি কামরার নিচে ধোঁয়া দেখা যায়। প্রাথমিক ভাবে রেলের অনুমান, চাকার ব্রেকসুতে ঘর্ষণের কারণেই ধোঁয়া বেরিয়েছিল। খবর পেয়ে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর সকাল ৮টা ২২ মিনিটে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

২০২৪-এর দুর্ঘটনার স্মৃতি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ঘিরে আগেও বড় দুর্ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের ১৭ জুন শিয়ালদহগামী এই ট্রেনটিকে দার্জিলিঙের রাঙাপানির কাছে একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে। ভয়াবহ ওই দুর্ঘটনায় তদন্তে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি উঠে এসেছিল। এ দিনের ঘটনায় বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।