পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শ্বশুরবাড়ি থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার হলেন শীর্ষ মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তাঁকে পাকড়াও করা হয়। তাঁর মাথার দাম ঝাড়খণ্ডে এক কোটি এবং ওড়িশায় এক কোটি কুড়ি লক্ষ টাকা ধার্য ছিল। এই গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্যে কোনওভাবেই 'লাল সন্ত্রাস' মাথাচাড়া দিতে দেওয়া হবে না।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ৬৪ বছর বয়সি আকাশ আটের দশক থেকে অতি বাম রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১০ সালে সুদীপ চোংদার গ্রেপ্তার হওয়ার পর তিনি রাজ্য সম্পাদকের দায়িত্ব পান। কিষাণজির মৃত্যুর পর আকাশ মূলত ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এলাকায় সক্রিয় ছিলেন। সম্প্রতি তাঁর দলের আরেক শীর্ষ নেতা মিসির বেসরা এবং তিন সঙ্গী পুলিশের হাতে ধরা পড়ায় আকাশ কার্যত কপর্দকশূন্য হয়ে পড়েন। টাকার খোঁজেই তিনি পটাশপুরে তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
দীর্ঘদিন ধরেই ওই বাড়ির উপর কড়া নজর রাখছিল এসটিএফ। আকাশ সেখানে পৌঁছতেই খবর যায় পুলিশের কাছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে আত্মসমর্পণের প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তাঁর কাছ থেকে বেশ কিছু বই ও সাংগঠনিক নথি উদ্ধার হয়েছে। অন্যদিকে, মানবাধিকার সংগঠন এপিডিআর-এর তরফে অবিলম্বে তাঁকে আদালতে পেশ করে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে।