পুবের কলম, ওয়েবডেস্ক: সৌদি আরবের বেসামরিক পরিকাঠামো ও অর্থনৈতিক সম্পদের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম বিঘ্নিত করছে এবং বাব-এল-মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক পথে মুক্ত নৌ চলাচলের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করছে।
 
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ড, বেসামরিক পরিকাঠামো ও অর্থনৈতিক কাঠামোর ওপর এই হামলার আমরা কঠোর নিন্দা জানাচ্ছি। লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তা আমাদের জন্য গভীরভাবে উদ্বেগজনক।"
 
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ভারত উচ্চপর্যায়ে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে।

ব্রিকস (BRICS) সম্মেলনের ফাঁকে গত রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হুথি হামলা এবং সামগ্রিক লোহিত সাগর সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
 
ভারত এই হামলাকে পুরোপুরি "অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছে এবং অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন যে, আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের ওই অংশ থেকে ভারতের অপরিশোধিত তেল ও শক্তি সম্পদ আমদানি নিরবচ্ছিন্ন রয়েছে।
 
ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদির অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন'-এ আঘাত হেনেছে। ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর থেকে এটিই ছিল সৌদির অপরিশোধিত তেল রফতানির বিকল্প প্রধান মাধ্যম।