পুবের কলম ওয়েব ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলল সিবিআই। বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়, পার্থ নিয়মিত সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না। অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেল অসুস্থ এবং মাঝে মাঝেই তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সিবিআইকে আগেই মেল করা হয়েছিল বলে তিনি আদালতে জানিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, দীর্ঘ তিন বছরের বেশি সময় সংশোধনাগারে থাকার পর গত বছর নভেম্বরে কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় ১০ লক্ষ টাকার বন্ড-সহ একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আদালত। শর্তগুলির মধ্যে অন্যতম ছিল, অভিযুক্তকে সপ্তাহে অন্তত এক বার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে। এর কোনও একটি শর্ত লঙ্ঘিত হলে নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করতে পারবে বলেও সেই সময় স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।