পুবের কলম ওয়েব ডেস্ক: হিন্দি ভাষা এবং জহর নবোদয় বিদ্যালয় স্থাপন নিয়ে এবার সুপ্রিম কোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়ল তামিলনাড়ুর থলপতি বিজয় সরকার। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একটি নির্দিষ্ট রাজ্য থেকে এভাবে হিন্দিকে সম্পূর্ণ সরিয়ে রাখা যায় না। কেন্দ্র চাইলে নবোদয় বিদ্যালয় গড়ার জন্য রাজ্যকে প্রয়োজনীয় জমি দিতেই হবে।
কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর প্রতিটি জেলায় অন্তত একটি করে জহর নবোদয় বিদ্যালয় তৈরি করতে চায়।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না জানান, রাজ্যকে তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের কোনও প্রকল্প এভাবে আটকে রাখা যায় না। শীর্ষ আদালত আগামী তিন মাসের মধ্যে প্রতিটি জেলায় জমি শনাক্ত করে কেন্দ্রকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ভাষানীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও তামিলনাড়ু সরকারের পালটা দাবি, আদালত কোনও নির্বাচিত সরকারকে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না। আগামী ৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।