পুবের কলম, ওয়েবডেস্ক: তেলেঙ্গানা বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-কে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার বিধানসভায় জমির রেকর্ড ও 'সেকশন ২২-এ' সংক্রান্ত এক আলোচনায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর ও তাঁর পরিবার তেলেঙ্গানার সম্পদ "লুট" করতে "বিহার থেকে এসেছিলেন"। রেবন্ত রেড্ডি দাবি করেন, নিজাম শাসনের অবসানের পর তেলেঙ্গানার দরিদ্র, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘুদের জন্য যে সম্পদ রেখে যাওয়া হয়েছিল, তা একটিমাত্র পরিবার আত্মসাৎ করার চেষ্টা করেছে।
আরও পড়ুন:
কেসিআর ও তাঁর পরিবারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "ওঁরা কোন গ্রামের লোক?
তেলেঙ্গানাকে লুট করতে ওরা বিহার থেকে এসেছিল। ২২৫ বছর রাজত্ব করার পর নিজাম সরকার যা কিছু রেখে গিয়েছিল, তা দরিদ্র, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের পাওয়ার কথা ছিল। কিন্তু একটি পরিবার তা লুটের চেষ্টা করেছে। আমরা তা হতে দেব না।" রেবন্ত আরও বলেন, "ওঁরা যা যা দখল করেছে, আমরা তা জনসমক্ষে আনব। সিধে আঙুলে ঘি না উঠলে কীভাবে আঙুল বাঁকাতে হয়, তা আমাদের জানা আছে।" নিজের বিষয়ে তিনি জানান, তাঁর ব্যক্তিগত সম্পদের কোনো লোভ নেই এবং তিনি কেবল গরিব মানুষের কল্যাণে কাজ করতে চান।আরও পড়ুন:
সিদ্দিকিপেট জেলার এরাভেলি এলাকায় কেসিআরের ফার্মহাউসের চারপাশের জমি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সরকারের দাবি, কেসিআর ও তাঁর পরিবারের কাছে তেলেঙ্গানা জুড়ে প্রায় ৪৩৯ একর জমি রয়েছে, যার মধ্যে সরকারি অর্পিত জমিও অন্তর্ভুক্ত।