পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতে দু’বছর নির্বাসিত থাকার পর আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবসের প্রাক্কালে দেশে ফেরা নিয়ে প্রয়োজনীয় রণকৌশল নির্ধারণ করতে আগামী শুক্রবার দিল্লিতে আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বকে তলব করেছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-সহ গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন হাসিনা।
এদিকে, বাংলাদেশে তারেক রহমানের বর্তমান সরকার আগামী নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সাত দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামি লিগের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকাতেই শাসক দল বিএনপি এই নির্বাচনের কৌশল গ্রহণ করেছে। তবে গ্রেফতারি কিংবা প্রাণনাশের আশঙ্কা থাকা সত্ত্বেও ডিসেম্বরেই দেশের মাটিতে পা রাখার বিষয়ে অনড় মনোভাব দেখিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী।