পুবের কলম ওয়েব ডেস্ক: চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খুচরো ওষুধের দোকানগুলিতে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই মর্মে ১৯৪৫ সালের ড্রাগস বিধি সংশোধনের জন্য গত ৮ সেপ্টেম্বর একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।
প্রস্তাবিত নতুন নিয়মে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত খুচরো ওষুধের দোকানে প্রেসক্রিপশন দেখে ওষুধ বিক্রির সম্পূর্ণ প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে হতে হবে।

শুধু তাই নয়, ওই সিসিটিভি ফুটেজ অন্তত তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে বিক্রেতাদের। তবে পাইকারি ওষুধ বিক্রেতাদের আপাতত এই নিয়মের বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র তফসিলভুক্ত কড়া ওষুধই নয়, কাফ সিরাপ-সহ চিকিৎসকের প্রেসক্রিপশন-নির্ভর সমস্ত ওষুধ বিক্রির ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য হবে।
দীর্ঘদিন ধরেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে ওষুধ এবং কাফ সিরাপের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন বিশেষজ্ঞরা।
সরকারের মতে, এই নতুন নিয়ম বাস্তবায়িত হলে ওষুধ বিক্রিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে। এর ফলে নিয়ম ভাঙার কোনও অভিযোগ উঠলে সিসিটিভি ফুটেজ দেখে সহজেই তদন্ত করতে পারবে নিয়ন্ত্রক সংস্থাগুলি। আপাতত এই প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়া সমস্ত মতামত ও পরামর্শ খতিয়ে দেখার পরেই নিয়মটি চূড়ান্তভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে।