পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম এবং ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক স্থগিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে তৃণমূলের কালীঘাট বা ঋতব্রত— কোনও শিবিরই এই প্রতীক ব্যবহার করতে পারবে না। কমিশনের এই পদক্ষেপের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। একে ‘উপরওয়ালার বিচার’ আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, তৃণমূল বলে এখন আর কোনও দল নেই, তৃণমূল মৃত এবং নির্মূল।
অতীতে উত্তর ২৪ পরগনা ও বারাকপুর জুড়ে সিঁদুর ও আলতায় পদ্মফুলের ছবি থাকা সামগ্রী বিক্রির উপর তৃণমূল ফতোয়া জারি করেছিল বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, তৃণমূলের প্রতীক থাকা বা যাওয়ায় সাধারণ মানুষের কিছু যায় আসে না।এদিকে উপনির্বাচনে লড়াইয়ের স্বার্থে শুক্রবার বেলা ১১টার মধ্যে উভয় শিবিরকেই বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের এই সিদ্ধান্ত মানেন না বলে জানালেও পরিস্থিতির চাপে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে বিকল্প নাম ও প্রতীক সম্বলিত তালিকা ইমেল মারফত পাঠাতে বাধ্য হয়েছেন।
অন্য দিকে, ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও পৃথক তালিকা জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, তারা ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’ নামের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি প্রতীক হিসেবে খাম, ব্ল্যাকবোর্ড এবং টর্চ চাওয়া হয়েছে। উল্লেখ্য, এই খাম প্রতীকটি আইএসএফ এবং টর্চ প্রতীকটি এসইউসিআই ভোটে ব্যবহার করে থাকে। জমা পড়া এই সব বিকল্পের ভিত্তিতে নির্বাচন কমিশনই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।