পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর মুখে দুর্যোগের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা শনিবার সন্ধ্যার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলাদেশের দেওয়া নাম অনুসারে সেটির নাম হবে ‘অর্ণব’।

আমেরিকান আবহাওয়া মডেল জিএফএস এটিকে ঘূর্ণিঝড় হওয়ার পূর্বাভাস দিলেও, ভারতের মৌসম ভবন আপাতত নিম্নচাপের আশঙ্কাই প্রকাশ করছে।
এদিকে সাগরে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে পুজোর আগে থেকেই রাজ্যজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে শনিবার পর্যন্ত পশ্চিমের ছয় জেলা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি এবং কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।