পুবের কলম ওয়েব ডেস্ক:  যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র মহিলা হওয়ার কারণে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছিল এক প্রার্থীকে। লিঙ্গবৈষম্যের এই গুরুতর অভিযোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনাকে 'নারীত্বের প্রতি চরম অবমাননা' বলে কড়া ভর্ৎসনা করেছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের গুদা গ্রামের বাসিন্দা সুমিত্রা এলপিজি বটলিং প্ল্যান্টে ‘রিফিলিং হেল্পার’ পদের জন্য আবেদন করেছিলেন।

স্থানীয় কমিটির সুপারিশ করা ৪৯ জন প্রার্থীর তালিকায় তাঁর নাম ছিল। অভিযোগ, মহিলা হওয়ার কারণে তিনি ভারী গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন না এই খোঁড়া অজুহাতে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি। অথচ ওই তালিকার ৪৩ জন পুরুষ প্রার্থীকে চাকরিতে বহাল করা হয়।

বৃহস্পতিবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিপুল এম পাঞ্চালীর বেঞ্চে মামলাটির শুনানি হয়।

বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, মহিলারা বাড়িতে রোজই এলপিজি সিলিন্ডার নাড়াচাড়া করেন। তাই তাঁরা ভারী কাজ করতে পারবেন না, এই যুক্তি একেবারেই ভিত্তিহীন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আবেদনকারী মহিলা বর্তমানে অবসরের বয়সে পৌঁছে গিয়েছেন। তাই তাঁকে নতুন করে চাকরিতে নিয়োগ করার পরিবর্তে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে এককালীন ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।