পুবের কলম, ওয়েবডেস্ক: বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস ও প্রবেশের অভিযোগে গুয়াহাটি এবং রঙিয়া থেকে পুরুষ, মহিলা ও শিশুসহ মোট ২৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে আসাম পুলিশ। দুটি পৃথক অভিযানে তাঁদের ধরা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন:
বর্ডার পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলেন্দ্ৰ নাথ ডেকা জানিয়েছেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় গুয়াহাটির আসাম রাজ্য পরিবহন নিগম চত্বরে।
সেখান থেকে সন্দেহভাজন ১২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। প্রথম দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, তাঁদের আরেকটি দল জম্মু তভি এক্সপ্রেসে যাত্রা করছে। এই তথ্যের ভিত্তিতে বর্ডার পুলিশ তৎক্ষণাৎ গভর্মেন্ট রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে সতর্ক করে।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, আটক ২৭ জনের কারো কাছেই ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানেই মূলত তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছিলেন। আটক ব্যক্তিদের আদি বাড়ি ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা এবং ময়মনসিংহসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। মেঘালয় সীমান্ত পেরিয়ে কোনো দালাল বা মধ্যস্থতাকারী চক্রের সাহায্যে ভারতে ঢুকেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ডিপোর্টেশনের আদেশের জন্য জেলা উপ-কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত চালানো হবে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই অবৈধ অনুপ্রবেশ চক্রের পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক বা স্থানীয় দালাল যুক্ত রয়েছে কি না, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।