পুবের কলম ওয়েব ডেস্ক: দলের প্রতীক হাতছাড়া এবং নাম ব্যবহারের অনুমতি না মেলায় রাজনৈতিক সংকটের মুখে পড়ে এবার নিজের পুরোনো প্রতিজ্ঞা ভেঙে ফেললেন কালীঘাট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর তথাকথিত ‘গোদি মিডিয়া’র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, শুক্রবার সেই অবস্থান থেকে সরে আসছেন তিনি। আজ বিকেল ৪ টেয় সাংবাদিক সম্মেলন ডেকেছে কালীঘাট তৃণমূল।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একবার মাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা।

সংবাদমাধ্যম বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি ঘোষণা করেছিলেন, মিডিয়ার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না। এরপর দীর্ঘ পাঁচ মাস কোনও সাংবাদিক সম্মেলন করেননি বা সাক্ষাৎকার দেননি তিনি। দল ভাঙা ও নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও যাবতীয় বক্তব্য কেবল ফেসবুক লাইভের মাধ্যমেই তুলে ধরেছেন। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রাতেই সাংবাদিক বৈঠক করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বৈঠকে দলের অবস্থান তুলে ধরবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।

এদিকে কর্মীদের আবেগকে ধরে রাখতে দলের নতুন নামে মমতার নাম যুক্ত করার প্রস্তাব পাঠিয়েছে কালীঘাট শিবির। দলের জন্য তিনটি বিকল্প নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল কংগ্রেস মমতা’ প্রস্তাব করা হয়েছে। শিবিরের দাবি, নেত্রীই দলের মুখ এবং প্রত্যেকে তাঁর সৈনিক বলেই নামের সঙ্গে তাঁর নাম জুড়ে রাখা জরুরি।