পুবের কলম ওয়েব ডেস্ক: পুরীর অন্যতম প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজার গুণমান নিয়ে উঠল গুরুতর অভিযোগ। নিম্নমানের তেল, বাসি রস এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরির অভিযোগে পুরীর একাধিক দোকানে অতর্কিতে অভিযান চালাল ওড়িশা রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসন। অভিযানে বিভিন্ন দোকান থেকে বাজেয়াপ্ত করা প্রায় ৪ কুইন্টাল নিম্নমানের খাজা নষ্ট করে দেওয়া হয়েছে।

পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভক্ত ও পর্যটকদের কাছে চড়া দামে নিম্নমানের এবং নকল খাজা বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সিটি ডিএসপি-র নেতৃত্বে পুরী পুলিশ এবং খাদ্য সুরক্ষা আধিকারিকরা শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং সমুদ্রসৈকত লাগোয়া বিভিন্ন দোকানে একযোগে তল্লাশি চালান।

পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, একাধিক দোকান বিন্দুমাত্র খাদ্য সুরক্ষার নিয়ম মানছিল না।

অভিযান চলাকালীন দেখা যায়, বহু দোকানে অত্যন্ত নিম্নমানের তেল এবং পুরনো রস দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাজা ভাজা হচ্ছিল। পরিস্থিতি খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে প্রায় ৪ কুইন্টাল খাজা নষ্ট করার নির্দেশ দেন আধিকারিকরা। বিশেষ করে জগন্নাথ মন্দিরের মূল দ্বারের কাছের চারটি বড় দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দোকানগুলিকে সতর্ক করার পাশাপাশি মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তীর্থযাত্রীদের স্বাস্থ্য নিয়ে এমন ছেলেখেলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।