পুবের কলম ওয়েবডেস্ক, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জেরে কানাডার শ্রমবাজারে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডায় প্রায় ৯০ হাজার চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর বলেন, শুল্ক কত দিন কার্যকর থাকবে, তার ওপর চাকরি হারানোর প্রকৃত সংখ্যা নির্ভর করবে। তাঁর হিসাব অনুযায়ী, সম্ভাব্য চাকরি হারানোর প্রায় দুই-তৃতীয়াংশ হবে সরাসরি শুল্কের আওতায় থাকা পণ্য রপ্তানিকারী সংস্থাগুলিতে।

বাকি এক-তৃতীয়াংশ প্রভাব পড়বে ওই সংস্থাগুলির সরবরাহকারী এবং সংশ্লিষ্ট খাতগুলিতে।

এই পরিস্থিতিতে দ্রুত দুই দেশের বাণিজ্য আলোচনা ফের শুরু করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠন ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ)। সংগঠনটির নেতাদের বক্তব্য, চলমান বাণিজ্য বিরোধ কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনজীবনে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যে ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করে কানাডা।

শ্রমিক সংগঠনগুলোর মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ ভাবে পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে এই বাণিজ্য সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু শ্রমিক বা ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সাধারণ পরিবারগুলিও ক্ষতির মুখে পড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা দূর করার ওপর জোর দিয়েছে ইউএসডব্লিউ।