পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূলের মূল নাম ও জোড়াফুল প্রতীক নির্বাচন কমিশন ‘ফ্রিজ’ করার পর এবার নতুন নাম এবং প্রতীক বেছে নেওয়ার প্রক্রিয়ায় নামল দুই যুযুধান পক্ষ। কমিশনের এই সিদ্ধান্তকে দল না মানার কথা জানালেও পরিস্থিতির চাপে বাধ্য হয়ে শুক্রবার ইমেলের মাধ্যমে নতুন নামের তালিকা ও সম্ভাব্য প্রতীকের প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। একই সঙ্গে নিজেদের পছন্দের নাম ও প্রতীক জমা দিয়েছে ঋতব্রত শিবিরও।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের নেপথ্যে থাকা ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখেই কালীঘাট শিবির তাদের সম্ভাব্য প্রতীকের তালিকা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই শিবির নির্বাচন কমিশনের কাছে প্রতীক হিসেবে ‘ফুটবলার’ ও ‘ক্রিকেট ব্যাট’ চেয়েছে। পাশাপাশি দলের কর্মীদের আবেগকে ধরে রাখতে যে তিনটি বিকল্প নাম জমা দেওয়া হয়েছে, তার প্রতিটিতেই মমতার নাম যুক্ত রয়েছে। নামগুলি হল ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল কংগ্রেস মমতা’। কালীঘাট নেতৃত্বের বক্তব্য, নেত্রীই তাঁদের প্রধান মুখ, তাই দলের নতুন নামে তাঁর উপস্থিতি থাকা আবশ্যক।

অন্য দিকে, শুক্রবার সকালে নাম ও প্রতীক সংক্রান্ত নিজেদের প্রস্তাব জমা দিয়েছে ঋতব্রত শিবিরও। দলের নাম হিসেবে তারা ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ এবং ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’ এই তিনটি বিকল্প প্রস্তাব করেছে। সম্ভাব্য প্রতীক হিসেবে তাদের পছন্দ ‘খাম’, ‘ব্ল্যাকবোর্ড’ এবং ‘টর্চ’। তবে ‘খাম’ আইএসএফ এবং ‘টর্চ’ এসইউসিআই সাধারণত ব্যবহার করায় এই পরিচিত প্রতীকগুলি ঘিরেই নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে ঋতব্রত শিবির। এখন দুই শিবিরের আবেদন খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।